গোলাম মাওলার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের জরুরি সভায় গলাচিপা-দশমিনা আসনের সাংসদ গোলাম মাওলার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলীয় সভানেত্রী, সাধারণ সম্পাদক ও সংসদীয় কমিটির কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার রাতে দলীয় কার্যালয়ে ওই সভা হয়। সভায় গোলাম মাওলার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধার সভাপতিত্বে সভায় জেলা কার্যনির্বাহী কমিটির বেশির ভাগ সদস্য উপস্থিত থাকলেও গোলাম মাওলা অনুপস্থিত ছিলেন। জানা গেছে, সভায় গলাচিপা উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অচলাবস্থা নিয়ে আলোচনা হয় এবং সাংসদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধপত্র দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং দলের সংসদীয় কমিটির কাছে পাঠানোর জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। এ ছাড়া গলাচিপায় সাংগঠনিক বিধি লঙ্ঘন করে যাঁরা নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং গোলাম মাওলাকে সহযোগিতা করছেন তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা বলেন, ‘গলাচিপা আওয়ামী লীগের চলমান সাংগঠনিক অচলাবস্থা নিরসনে এ সভা ডাকা হয়। সভায় সাংসদ গোলাম মাওলাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসবেন জানালেও আসেননি।’জরুরি সভার সিদ্ধান্ত সম্পর্কে সাংসদ গোলাম মাওলা বলেন, ‘সাংসদ হিসেবে পদাধিকারবলে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আমি। জেলা আওয়ামী লীগ আমাকে ডাকতে পারে না। সাংসদের পরামর্শে গঠনতন্ত্র ও নিয়মমাফিকভাবে চলবে গলাচিপার রাজনীতি। জেলা আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নিল, তাতে আমার কিছু আসে যায় না। জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত গলাচিপার জনগণ ও সাংসদ গোলাম মাওলা মেনে নেবেন না।’ তিনি অভিযোগ করেন, ‘জেলা আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা গলাচিপার দুজন বহিষ্কৃত নেতাকে (উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক) সঙ্গে নিয়ে উপজেলার রাজনীতি অশান্ত করার চেষ্টা করছেন।