১০ ট্রাক অস্ত্র আটক মামলার অন্যতম সাক্ষী হাবিলদার গোলাম রসুলকে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।জেরা শেষ না হওয়ায় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান আজ বুধবার সকাল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন। এর আগে গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।গতকাল হাবিলদার গোলাম রসুলকে জেরা করেন আসামি মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবী কামরুল ইসলাম ও আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান। জেরায় আইনজীবী কামরুল ইসলাম প্রশ্ন করেন, ‘ঘটনাস্থল থেকে কথিত পাঁচজন উলফা সদস্যকে আটক করে ফাঁড়িতে নেওয়ার সময় আপনার সঙ্গে কে কে ছিলেন? কত নম্বর জিডিমূলে (সাধারণ ডায়েরি) তাঁদের ফাঁড়িতে রেখেছিলেন।’ জবাবে গোলাম রসুল বলেন, ‘সার্জেন্ট আলাউদ্দিন ও আমি সঙ্গীয় ফোর্সসহ আটক ব্যক্তিদের ফাঁড়িতে নিয়ে যাই। জিডি করার দায়িত্ব সার্জেন্টের, আমার নয়।’২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাটে অস্ত্র আটকের সময় সংলগ্ন কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন হাবিলদার গোলাম রসুল। ওই ফাঁড়ির সার্জেন্ট আলাউদ্দিনের সঙ্গে তিনি ঘটনার রাতে সিইউএফএল জেটিঘাটে গিয়েছিলেন। এর আগে ৩১ অক্টোবর আদালতে দেওয়া সাক্ষ্যে গোলাম রসুল বলেছিলেন, ঘটনার রাতে সিইউএফএল জেটিঘাট থেকে উলফা সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। পরে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশে তাঁদের ছেড়ে দেওয়া হয়।গতকাল জেরায় আসামির আইনজীবী প্রশ্ন করেন, ‘ঘটনার আগে দীর্ঘ চাকরিজীবনে আপনি কতজন উলফা সদস্যকে দেখেছেন?’ গোলাম রসুল: ‘কখনো দেখিনি।’ আইনজীবী: ‘উলফা সদস্যদের ভাষা ও পোশাক সম্বন্ধে জানেন?’ গোলাম রসুল: ‘জানি না।’মধ্যাহ্ন বিরতির পর আসামি হাফিজুর রহমানের আইনজীবী মাহমুদুর রহমান প্রশ্ন করেন, ‘২০০৫ সালে আদালতে দেওয়া সাক্ষ্যে আপনি হাফিজুর রহমানের নাম বলেননি।’ জবাবে গোলাম রসুল বলেন, ‘মনে নেই।’আইনজীবী: ‘২০০৫ সালে যে সাক্ষ্য দিয়েছিলেন, তা সত্য না মিথ্যা।’ গোলাম রসুল: ‘পরিবেশ পরিস্থিতির কারণে সাক্ষ্য দিয়েছিলাম।’