গোলাম সবুরের তিন দফা জানাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম সবুর টুলু
গোলাম সবুর টুলু

সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা-২ (বাবনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম সবুরের (৫৮) তিন দফায় জানাজা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার প্রয়াত এই সাংসদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ সকাল সাড়ে সাতটায় সাভারের গেন্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠান মধুমতি সিরামিকস ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে গোলাম সবুরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এই জানাজায় অংশ নেন।
পরে গোলাম সবুরের মরদেহ ঢাকার নিউ ইস্কাটনে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টায় মধুমতি সিরামিকস ও অপসোনিন কার্যালয়ের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে গোলাম সবুরের মরদেহ জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছায়। এ সময় সবুরের স্ত্রী ও তিন মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদের কার্যালয়ে সাক্ষাত্ করেন। প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা এবং প্রয়াত সাংসদের কর্মময় জীবনের কথা তুলে ধরেন।
বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গোলাম সবুরের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংসদেরা অংশ নেন।
এরপর প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী গোলাম সবুরের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ শনিবার পাথরঘাটায় সাংসদের মরদেহ আনা হবে বলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানিয়েছেন। তিনি বলেন, পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। পরে উপজেলার কালমেঘা পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা।

ফরিদপুরের ভাঙ্গায় ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে গেলে গোলাম সবুর (৫৮) মারা যান। গতকাল শুক্রবার বিকেলে ভাঙ্গার চুমুরদি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় সাংসদের এক ভাইসহ চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন সাংসদের ভাই গোলাম শহীদ নীলু (৬০), পাথরঘাটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ (৫৫), সাংসদের ব্যক্তিগত সহকারী মো. শহিদুল ইসলাম (৩২) ও গাড়িচালক সগির হোসেন (৩৫)। এঁদের মধ্যে সাংসদের ভাই গোলাম শহীদ ও শিক্ষক হারুন অর রশিদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার পুলিশ জানায়, সাংসদ গোলাম সবুর বরগুনার বেতাগীতে একটি দলীয় অনুষ্ঠানে যোগদান শেষে মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে ফরিদপুর-বরিশাল সড়কে বিকেল পৌনে চারটার দিকে ভাঙ্গার চুমুরদি বাসস্ট্যান্ডের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটির গুরুতর আহত সবাইকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ইমরান হোসেন জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সাংসদ গোলাম সবুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সাংসদ গোলাম সবুর বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের মৃত ফয়জদ্দিন হাওলাদারের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ঘটনার তিন দিন আগে তিনি বরগুনায় আসেন। তাঁর তিনটি মেয়ে রয়েছে। তিনি মধুমতি সিরামিকস ইন্ডাস্ট্রিজের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মাসিউটিক্যালসের মালিক মরহুম আবদুল খালেক খানের জামাতা।