গোলাম সারওয়ারকে হুমকি দেওয়ায় ১৩ সম্পাদকের নিন্দা
দৈনিকসমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের ১৩ জন সম্পাদক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তাঁরা এর নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে মারাত্মক অন্তরায়।সম্পাদকেরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।বিবৃতিতে সই করা সম্পাদকেরা হলেন: মাহবুবুল আলম (ইনডিপেনডেন্ট), রিয়াজউদ্দিন আহমেদ (নিউজ টুডে), মোয়াজ্জেম হোসেন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), আনোয়ার হোসেন মঞ্জু (ইত্তেফাক), মতিউর রহমান (প্রথম আলো), মাহফুজ আনাম (ডেইলি স্টার), মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), এ এম এম বাহাউদ্দিন (ইনকিলাব), এম এ মালেক (দৈনিক আজাদী), মোজাম্মেল হক (করতোয়া), তসলিমউদ্দিন চৌধুরী (পূর্বকোণ), শ্যামল দত্ত (ভোরের কাগজ) এবং যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম। বিজ্ঞপ্তি।