গোলাম হোসেন এনবিআরের নতুন চেয়ারম্যান
সচিব পর্যায়ের ছয়জন কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে রদবদল করা হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব করা হয়েছে।গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।বাকিদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, পরিবেশসচিব মেজবাহ-উল-আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এবং এই মন্ত্রণালয় থেকে এম আসলাম আলমকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব করা হয়েছে।এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে জনপ্রশাসনের সচিব আবদুস সোবহান শিকদার প্রথম আলোকে জানিয়েছেন। নূর মোহাম্মদ এর আগে মরক্কোর রাষ্ট্রদূত ছিলেন।