গোল্ডকাপ ফুটবল নোয়াখালীতে শুরু হচ্ছে আজ
আজ শনিবার নোয়াখালীতে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৪’। বেলা দুইটা ৩০ মিনিটে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহর প্রতিযোগিতা উদ্বোধন করার কথা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আয়োজন করেছে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা।
গ্রুপ লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অংশ নেওয়ার কথা রয়েছে। উদ্বোধনী খেলায় আজ স্বাগতিক নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে।
চার গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।