গোলড়া-সাটুরিয়া-টাঙ্গাইল সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ
ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি পর্যন্ত গোলড়া-সাটুরিয়া-টাঙ্গাইল সড়কের ১২ কিলোমিটার অংশের উন্নয়নকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও চুক্তি অনুযায়ী কার্পেটিং না করার অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নয়ারহাট উপবিভাগের তত্ত্বাবধানে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করছে।মানিকগঞ্জ সওজের সাভারের নয়ারহাট উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটির উভয় পাশে তিন ফুট করে বাড়িয়ে ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। উভয় পাশে বাড়ানোর পাশাপাশি কার্পেটিং ও সিলকোটের কাজও চলছে। এসব কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও চুক্তি অনুযায়ী কার্পেটিং না করার অভিযোগ উঠেছে।বর্ধিতকরণ: নয়ারহাট উপবিভাগের উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, সড়কটির বিভিন্ন অংশের উভয় পাশে মোট ছয় কিলোমিটার এলাকা তিন ফুট করে বাড়ানো হচ্ছে। ১২টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পেয়েছে। চুক্তি অনুযায়ী সড়কটির উভয় পাশে তিন ফুট করে কেটে প্রথমে ১০ ইঞ্চি বালু, বালুর ওপরে বালুমিশ্রিত খোয়া ছয় ইঞ্চি এবং এর ওপরে শুধু ছয় ইঞ্চি খোয়া ব্যবহার করার কথা। খোয়ার ওপরে ৩৮ মিলিমিটার কার্পেটিং এবং তার ওপর সাত মিলিমিটার সিলকোট করার কথা। এ কাজে প্রতি মিটারের জন্য ব্যয় ধরা হয়েছে তিন হাজার টাকা। স্থানীয় লোকজন অভিযোগ করেন, বর্ধিতকরণ অংশে নিম্নমানের বালু ও খোয়া ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অধিকাংশ স্থানেই ৩৮ মিলিমিটার কার্পেটিং ও সিলকোট করা হচ্ছে না। কার্পেটিং ও সিলকোট: বর্ধিতকরণের কাজ শেষ হওয়ার পর সড়কটির ১২ কিলোমিটার এলাকা দেড় ইঞ্চি করে কার্পেটিং করে তার ওপর সাত মিলিমিটার করে সিলকোট করার কথা। কাজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। মেসার্স আরপি অ্যান্ড বিসিএল জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে।বাস্তবতা: সরেজমিনে দেখা যায়, বর্তমানে কৃষ্টপুর থেকে সাটুরিয়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় সড়কটির উন্নয়নকাজ চলছে। প্রথম পর্যায়ের দরপত্রের শর্ত অনুযায়ী উভয় পাশে তিন ফুট করে বাড়িয়ে খোয়া ও বালুর কাজের পর সিলকোট এবং কার্পেটিং করার কথা থাকলেও তা করা হচ্ছে না। অধিকাংশ স্থানে বালু ও খোয়ার কাজ করার পর সিলকোট ও কার্পেটিংয়ের কাজ বাদ রাখা হচ্ছে। বর্ধিত অংশের খোয়ার কাজের ওপরই দ্বিতীয় পর্যায়ের কার্পেটিং ও সিলকোটের কাজ করা হচ্ছে। যাতে প্রথম পর্যায়ের সিলকোট ও কার্পেটিংয়ের কাজে কারচুপির বিষয়টি কারও নজরে না আসে। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, উন্নয়নকাজ করার পরও সড়কটির উপরিভাগ বেশ অমসৃণ ও উঁচুনিচু। চুক্তির শর্ত অনুযায়ী খোয়া ও নির্মাণসামগ্রী ব্যবহার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এসব অনিয়মের বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। সওজ থেকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকানা ও মুঠোফোন নম্বর না দেওয়ায় ফোনেও কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সওজের নয়ারহাট উপবিভাগের উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন এসব অস্বীকার করে বলেন, চুক্তি অনুযায়ী কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধারদের সবাই সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে সঠিকভাবে কাজ আদায় করতে বেগ পেতে হচ্ছে।