গোষ্ঠীস্বার্থে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সঙ্গে ঘনিষ্ঠ গুটি কয়েক ব্যবসায়ী ও মন্ত্রী-রাজনীতিবিদের গোষ্ঠী স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এনার্জি রেগুলেটরি কমিশনের সুপারিশকে পাশ কাটিয়ে এই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। এ জন্য সরকারকে কঠিন মূল্য দিতে হবে।
গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে এ কথা বলা হয়। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) একসঙ্গে সমাবেশ করে। কাছাকাছি জায়গায় গণফোরাম ও নাগরিক ঐক্য যৌথভাবে পৃথক সমাবেশ আয়োজন করে। দলগুলোর কেন্দ্রীয় নেতারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সিপিবি ও বাসদের সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বর্তমান সরকারের বৈধতা নেই। তাই সরকারের বিদ্যুতের দাম বাড়ানোরও অধিকার নেই। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে তার জন্য সরকারকে কঠিন মূল্য দিতে হবে।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, আওয়ামী লীগ গত পাঁচ বছরে বিদ্যুতের দাম বাড়িয়েছে। যুক্তি একটাই—উৎপাদন খরচ বেড়েছে। পিডিবি তাদের পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো মেরামত করলে অতিরিক্ত আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এতে প্রতি ইউনিটের জন্য খরচ পড়বে বড়জোর তিন টাকা। আর ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে খরচ পড়ছে ১২ থেকে ১৪ টাকা। সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে এবং মন্ত্রীদের পকেট ভারী করতে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করা হচ্ছে।
গণফোরাম ও নাগরিক ঐক্যের সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ২০১৩ সালের পর আর বিদ্যুতের দাম বাড়বে না। দাম না বাড়ানোর ব্যাপারে এনার্জি রেগুলেটরি কমিশন সুপারিশ করেছিল। সেই মতামত অগ্রাহ্য করে সরকারের একাধিক মন্ত্রী ও প্রধানমন্ত্রী নিজে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলছেন। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।