পাবনা জেলা শহরের পাশে কুষ্টিয়ার শিলাইদহ ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে আবু মোতালেব ওরফে রানা (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পাবনা পৌর এলাকার নয়নামতি পশ্চিমপাড়া মহল্লায়। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নদী থেকে অসুস্থ অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে নিহত মোতালেবের পরিবারের দাবি, কয়েকজন যুবক তাঁকে গোসল করার নামে নদীতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত হলেই বিষয়টি বেরিয়ে আসবে।পাবনা সদর থানা থেকে জানা যায়, নদীতে গোসল করতে গিয়ে মোতালেব বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। এ সময় অসুস্থ হয়ে পড়লে বন্ধুরাই তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। সদর থানার ওসি হানিফুল ইসলাম বলেন, সুরতহালে প্রতিবেদনে মোতালেবের ঘাড় বাঁকা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পানিতে ফুটবল খেলতে গিয়ে কোনো আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।