গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

ফরিদপুরে কুমার নদে গতকাল বৃহস্পতিবার গোসল করতে নেমে ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান (ইংরেজি) শেষ বর্ষের ছাত্র নাজমুস শাকিব (২৩) মারা গেছেন।
একই দিন পুকুরে ডুবে পিরোজপুর পৌরসভার খানাকুনিয়ারি মহল্লায় জিসান শেখ নামের আড়াই বছরের এক শিশু এবং মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে সোলাইমান হোসেন নামের দেড় বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
ফরিদপুর: এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এফএজিএম) আনিসুর রহমানের একমাত্র ছেলে নাজমুস শাকিব ঈদের ছুটিতে ফরিদপুরে এসেছিলেন। গতকাল বেলা একটার দিকে অন্য চার বন্ধুর সঙ্গে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নেমে ডুবে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে বেলা সোয়া দুইটার দিকে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিবকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর: পৌরসভার খানাকুনিয়ারি মহল্লার সোহাগ শেখের ছেলে জিসান শেখ গতকাল সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া: গাংনী উপজেলার হিন্দা গ্রামের কৃষক ইদ্রিস আলীর ছেলে সোলাইমান হোসেন গতকাল বেলা দুইটার দিকে ঘর থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের পুকুের তাকে ভাসতে দেখা যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।