গোসল করা নিয়ে সংঘর্ষ, আশুগঞ্জে দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। গতকাল রোববার দুপুর দুইটার দিকে সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হীরা মিয়া (৫৫) ও শরীফ (১৫)।
পুলিশ ও গ্রামবাসী জানান, দুপুর দুইটার দিকে সোহাগপুর গ্রামের মোল্লাবাড়ি ও চৌধুরীবাড়ির দুই দল শিশু-কিশোর ডুব দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়। এ নিয়ে পরে ওই দুই বাড়ির অভিভাবকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোল্লাবাড়ির শাহজাহান মিয়ার ছেলে শরীফ মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে একই বাড়ির হীরা মিয়ার মৃত্যু হয়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় মনির হোসেন ও জাহাঙ্গীর মিয়া নামের পুলিশের দুই কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোল্লাবাড়ির ছয়জন এবং চৌধুরীবাড়ির চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।