গোসলে নেমে সাঙ্গুতে নিখোঁজ সেনাকর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ক্যাম্পের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আজ রোববার সাঙ্গু নদীর পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন। তাঁকে খোঁজার জন্য সেনাবাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হঠাত্ নদীর গভীরে চলে যান লেফটেন্যান্ট তানভীর। এ সময় আরও দুজন সৈনিক সেখানে গোসল করছিলেন। তাঁরা লেফটেন্যান্ট তানভীরকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ওই দুজনও নদীর গভীরে চলে যান। স্থানীয় লোকজন দুই সৈনিককে উদ্ধার করতে পারলেও লেফটেন্যান্ট তানভীরকে উদ্ধার করতে পারেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী প্রথম আলো ডটকমকে জানান, লেফটেন্যান্ট তানভীর এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারতত্পরতা চলছে।