গোসাইরহাট থানায় রিমান্ডে থাকা এক আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট থানা হাজতে রিমান্ডে থাকা মোখলেছুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সোয়া ১১টার দিকে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পুলিশ বলছে, মোখলেছুর রহমান আত্মহত্যা করেছেন। তবে মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, মোখলেছুরকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ফ ম আলাউদ্দিন খানের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। গোসাইরহাট থানা ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলার মশুরগাঁও গ্রামের ফয়সল আহম্মেদের দুই শিশুপুত্র হত্যা মামলায় পুলিশ ২৯ আগস্ট কুচাইপট্টি বাজার থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে। শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত গত সোমবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রিমান্ডের প্রথম দিনে তাঁকে গোসাইরহাট থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোসাইরহাট থানার কনস্টেবল জালাল আহম্মেদ থানা ভবনে মোখলেছুরের ঝুলন্ত লাশ দেখতে পান। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত পুলিশের বিচারের দাবিতে রাত সোয়া ১১টার দিকে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। মোখলেছুর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী আত্মহত্যা করেননি। তাঁকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি বিকেল চারটার সময় খাবার নিয়ে থানায় এসেছি; কিন্তু আমাকে স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। থানার বাইরে বসে অনেক কান্নাকাটি করেছি। সন্ধ্যা সাতটার দিকে বাড়ির উদ্দেশে রওনা হয়ে পথে জানতে পারি, আমার স্বামী মারা গেছেন।’ মোর্শেদা আরও বলেন, ‘গত সোমবার কোর্ট হাজতে স্বামীর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাকে জানান, পুলিশ দুই দিন তাঁকে অনেক মারধর করেছে।’ গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, ‘মোখলেছুর গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’ শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান জানান, মোখলেছুর আত্মহত্যা করেছেন না অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে।