গোসাইরহাটে মোখলেছুরের লাশ নিয়ে বিক্ষোভ
শরীয়তপুরের গোসাইরহাট থানা হাজতে মারা যাওয়া মোখলেছুর রহমানের (৪০) লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার দুপুরে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ নিয়ে গতকাল উপজেলা সদরে বিক্ষোভ করেছে।একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার প্রথম দিনে গত মঙ্গলবার সন্ধ্যায় গোসাইরহাট থানা হাজতে মোখলেছুরের মৃত্যু হয়। নিহত মোখলেসুরের পরিবারের অভিযোগ, উপজেলার চরমহিষকান্দি গ্রামের ফয়সাল আহম্মেদের দুই শিশুসন্তানের হত্যা মামলায় সন্দেহজনকভাবে ২৯ আগস্ট কুচাইপট্টি বাজার থেকে মোখলেছুর রহমানকে আটক করে পুলিশ। আটক করার পর থেকেই তাঁর ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। মোখলেছুরের স্ত্রী ও সন্তানের কাছে ওই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্যা ৫০ হাজার টাকা উেকাচ দাবি করেন। তাঁরা গরিব হওয়ায় টাকা দিতে পারেননি। মঙ্গলবার রিমান্ডে নেওয়ার পর মোখলেছুরের স্বজনদের কাছে আবার দুই হাজার টাকা দাবি করা হয়।গোসাইরহাট থানা থেকে মোখলেছুরের মৃতদেহ গতকাল বেলা একটার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে থানার সামনে ও গোসাইরহাট উপজেলা সদরে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা থানার সামনের সড়কে লাশের খাটিয়া রেখে ১৫ মিনিট অবরোধ করে রাখে। গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে ক্ষুব্ধ জনতা শান্ত হয়। পরে তারা মোখলেছুরের লাশ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা করে। মোখলেছুর রহমান কুচাইপট্টি ইউনিয়নের ভীমখিল বাজারের ঝাড়ুদার ছিলেন। তাঁর চারটি ছেলে রয়েছে। বেলা দুইটার দিকে ভীমখিল বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা মোখলেছুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত পুলিশের বিচার দাবিতে বিক্ষোভ করে। বিকেলে জানাজা শেষে মশুরগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে মোখলেছুরের লাশ দাফন করা হয়।নিহত মোখলেছুর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে আটক করার পর আমি থানায় ছুটে যাই। ওসি ও আবুল কালাম দারোগা আমার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। আমি গরিব মানুষ, টাকা দিতে পারিনি। তাই তারা আমাকে গালাগাল করে থানা থেকে বের করে দেয় এবং আমার স্বামীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। রিমান্ডে নিয়ে পুলিশ মোখলেছুরকে নির্যাতন করে মেরে ফেলেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’ নিহত মোখলেছুরের ছেলে মোস্তফা (২০) বলেন, ‘রিমান্ডে নেওয়ার পর পুলিশ আমার কাছে দুই হাজার টাকা চেয়ে বলেছে, টাকা দিলে মোখলেছুরকে মারধর করা হবে না। আমরা গরিব মানুষ টাকা দিতে না পারায় পুলিশ বাবাকে নির্যাতন করে হত্যা করেছে। আমি বাবার হত্যার বিচার চাই।’গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, মোখলেছুর রহমানকে রিমান্ডে এনে কোনো নির্যাতন করা হয়নি। তিনি থানা হাজতে জানালার গ্রিলের সঙ্গে গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যুর একটি মামলা করেছে। মোখলেছুরের পরিবারের সদস্যদের কাছে কোনো টাকা চাওয়া হয়নি দাবি করে ওসি বলেন, ‘আমাদের ফাঁসানোর জন্য এ অভিযোগ করা হচ্ছে।’গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, বাজারের একজন ঝাড়ুদার কারও শত্রু হতে পারেন না। থানা হাজতে তাঁর মৃত্যুর বিষয়টি রহস্যজনক; সত্য ঘটনা উদ্ঘাটন হওয়া প্রয়োজন। নিরপরাধ ব্যক্তিদের অস্বাভাবিক মৃত্যু সহজভাবে মেনে নেওয়া যায় না। শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবুল হাসনাতকে।