গোসাইরহাটের ওসির দায়িত্ব হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর তিনি গত রোববার রাতে দায়িত্বভার হস্তান্তর করেছেন। তিনি থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গতকাল সোমবার সকালে একরাম আলী নতুন কর্মস্থল খুলনা রেঞ্জে যোগ দিতে গোসাইরহাট ত্যাগ করেন। ২০১০ সালের ৩১ আগস্ট থানাহাজতে মোখলেছুর রহমান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে রোববার ওসি একরাম আলীর বিরুদ্ধে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন মোখলেছুর রহমানের স্ত্রী গোসাইরহাট উপজেলার মশুরগাঁও গ্রামের মুরশিদা বেগম। সূত্র জানায়, ওসি একরাম আলীকে পুলিশ সদর দপ্তর গত ১৫ মে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেয়। ২৬ মের মধ্যে তাঁকে খুলনা রেঞ্জে যোগ দিতে বলা হয়। কিন্তু তিনি গোসাইরহাটে থাকতে চেয়ে এক মাস সময় বৃদ্ধির জন্য পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে আবেদন করেন। পুলিশ সদর দপ্তর তাঁর আবেদন মঞ্জুর করে। কিন্তু ওই এক মাস পূর্ণ হওয়ার আগেই তিনি দায়িত্ব হস্তান্তর করে গোসাইরহাট ত্যাগ করেন। ২০০৯ সালের ২১ অক্টোবর ও ২০১১ সালের ২৪ ডিসেম্বর একরাম আলীর বদলির নির্দেশনা আসে। কিন্তু পরবর্তী সময়ে তা প্রত্যাহার করা হয়। ২০০৯ সালের ৫ এপ্রিল তিনি গোসাইরহাট থানায় যোগ দেন।