গোড়াই হাইওয়ে পুলিশের ওসি সাময়িক বরখাস্ত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদাবাজি নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় গতকাল বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেছে বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে ব্যবস্থা না নিয়ে ওসি যে বক্তব্য দিয়েছে, তা সমীচীন নয়। তাই তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গতকাল প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেছে। তবে তারা নিজেরা চাঁদার টাকা তুলছে না। টাকা তোলার জন্য তারা দালাল নিয়োগ করেছে। আর এসব টাকা তোলা হচ্ছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে। কয়েক দিন ধরে এ চাঁদাবাজি চললেও এ ব্যপারে জেলা পুলিশও নির্বিকার রয়েছে। এ বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলোর প্রতিবেদককে বলেন, ‘আমি চাঁদাবাজি করি। আপনি আমার বিরুদ্ধে লেখেন, ছবিসহ লেখেন।’