গোয়াইনঘাট ও নরসিংদীতে ১৬ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট ও নরসিংদীর বাবুরহাটে গতকাল সোমবার পৃথক অগ্নিকাণ্ডে ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গোয়াইনঘাটের স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সদরের ইউএনও মার্কেটের একটি ইলেকট্রিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। উপজেলা সদরের প্রায় পাঁচ শতাধিক মানুষ প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করেছেন।বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউএনও মার্কেটের খলকু মিয়ার ইলেকট্রিক দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তবে খলকু মিয়া জানান, তার ধারণা, এটা নাশকতা। কারণ কিছুদিন আগে তাঁর দোকানে চুরি হয়েছে। চোরেরা তখন প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়। গোয়াইনঘাট থানার উপপরিদর্শক শফিক খান বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকদের নিয়ে আগুন নেভাতে থাকি।’ নরসিংদীর বাবুরহাটের কাপড়ের বৃহৎ পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে মেঘনা ট্রেডার্স কাপড়ের দোকান থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়। কিছু লোক স্থানীয়ভাবে নেভানোর চেষ্টা করেন। পরে নরসিংদী ও একই জেলার মাধবদী বাজার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিসমিল্লাহ ট্রেডার্স, নূর ট্রেডার্স, শাহজালাল স্টোর, রহিমা স্টোর, ও হারুন ডায়িং আগুনে পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছেন।নরসিংদীর মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. হিরণ বলেন, বাবুরহাট বাজারের ভেতরের সড়কগুলো সরু হওয়ায় আগুন নেভানোর কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।