গোয়াইনঘাট সীমান্তে যৌথ ভূমি জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তবিরোধ দূর করতে সিলেটের গোয়াইনঘাট-জৈন্তা সীমান্ত এলাকায় যৌথ কমিশনের ভূমি জরিপ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। বেলা ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর সীমান্তে জরিপ চলে। এ সময় বাংলাদেশ ও ভারতের ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার পান্তুমাই, উত্তর প্রতাপপুর, হাজীপুরসহ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ জরিপকাজ বন্ধের দাবিতে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, ভূমি জরিপের নামে তাদের বাপ-দাদার জমি ভারত নিয়ে নিচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও বিএসএফ গ্রামবাসীর ওপর নানা নির্যাতন করেছে।এলাকাবাসীর প্রতিবাদের মুখে দুপুর পৌনে একটার দিকে বিএসএফ অস্ত্র উঁচিয়ে অবস্থান নেয়। এর আগে থেকে পাদুয়া ও আশপাশের এলাকায় বিএসএফের সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়।উত্তেজিত জনতাকে সামাল দিতে সিলেট ২১ রাইফেল ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড মেজর আবদুল্লাহ আল-মামুন ভূঁইয়া ও সিলং ১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডার শেখর গুপ্তা বৈঠক করেন।সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জরিপ দলের প্রধান আবুল হাসান সাংবাদিকদের জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের মধ্যে এ জরিপ চলছে। দুই দেশের বিরোধপূর্ণ জায়গা চিহ্নিত করে সীমান্তবিরোধ নিষ্পত্তি করা হবে। কোথাও ভারতের দখলে বাংলাদেশি ভূখণ্ড আবার কোথাও বাংলাদেশের দখলে ভারতের ভূখণ্ড আছে বলে অভিযোগ দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে এ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের জরিপ দলের সার্ভেয়ার টি এন্ড মারাক জানান, পাদুয়ার ২৩০ একর জায়গা বাংলাদেশের দখলে রয়েছে। এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এ জরিপ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার পাদুয়া সীমান্তে ভূমি জরিপ করা হতে পারে।