গোয়াইনঘাটে অন্য রকম উৎসব
সাব্বির খান, বয়স ১৩। বঙ্গবীর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মঞ্চে এসে গাইল, ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই...’। এতক্ষণে হই-হুল্লোড়ে থাকা পুরো ময়দানে হঠাত্ করেই নীরবতা নেমে এল। ১৩ বছরের বালকের কণ্ঠের আবেগ ভারী হয়ে ওঠে। সেই আবেগ এসে লাগল মঞ্চের বাইরে। কেউ উচ্চ স্বরে গানে সুর মেলাল, আবার কেউবা চুপ করে চোখের পানি মুছল। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আবেগ আর উচ্ছ্বাসের মধ্যে গোয়াইনঘাটে উদ্যাপিত হলো ‘মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা উৎসব’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ উৎসবের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব কটি শিক্ষাপ্রতিষ্ঠান। দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে উৎসব প্রাঙ্গণে পাঁচ শতাধিক শিক্ষার্থী জড়ো হয়। জাফলংয়ের নলজুরি রেস্টহাউস ময়দান শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। দুপুর দুইটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পরপরই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও দেশের গান পরিবেশন করে। একে একে শিক্ষার্থী শর্মিষ্ঠা মিস্ত্রি ও তনুকা ভদ্র গায়, ‘মাটি আমার প্রাণ’, ‘সোনা সোনা সোনা’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘তুমি নির্মল করো মঙ্গল করে’সহ কয়েকটি গান। এরপর ঘণ্টাখানেক শিক্ষার্থীদের পরিবেশনায় চলে আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। বিকেল চারটায় শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ। বক্তব্যে তিনি বলেন, ‘এমন উৎসব নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়তা করবে। তবে বছরে শুধু একটি অনুষ্ঠান করলেই মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চা হবে না। এ চর্চা নিরন্তর চালিয়ে যেতে হবে।’মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমেদ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম তারেক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।