গোয়াইনঘাটে অবৈধ জাল দিয়ে অবাধে পোনা নিধন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন হাওরে অবৈধ কোণা ও কারেন্ট জাল দিয়ে অবাধে মাছের পোনা নিধন করা হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের লক্ষ্মী, শিয়ালা, চদিবদি, শিলচান্দ, লেঙ্গুড়া ইউনিয়নের বুগইলহাওর, আলীরগাঁও ইউনিয়নের দাড়াইল, খাস ও বাংলা, রুস্তুমপুর ইউনিয়নের নাইন্দা হাওরে জেলেরা কোণা ও কারেন্ট জাল দিয়ে পোনা নিধন করছেন। উপজেলার কাঁঠালকুড়িকান্দি গ্রামের মো. আলী অভিযোগ করেন, প্রশাসনের লোক দেখানো অভিযানে কাউকে কোনো দিন গ্রেপ্তার করতে শোনা যায়নি। মৎস্য সপ্তাহ এলে কর্মকর্তারা কিছু কারেন্ট জাল পুড়িয়ে দায়িত্ব শেষ করেন। তবে প্রতিবছর কয়েক দফায় অভিযান চলায় পোনা মাছ নিধন কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকত। কিন্তু এবার প্রশাসনের কোনো অভিযান নেই। তাই অবাধে চলছে পোনা নিধন।’গোয়াইনঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ সাফায়াত হোসেন বলেন, এ বছর মাত্র এক দিন অভিযান চালানো হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ৫ জুলাই লেঙ্গুড়া হাওরে অভিযান চালিয়ে ২৫০টি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া অভিযান পরিচালনা করা যায় না। ম্যাজিস্ট্রেট যদি সময় দেন, তবে অভিযান শুরু হবে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল ইসলাম বলেন, শিগগিরই হাওরগুলোতে অভিযান চালিয়ে পোনা নিধন বন্ধ করা হবে।