গোয়াইনঘাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটের নলজুরীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তাঁর নাম তানজিনা (৩২)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তানজিনা নলজুরী গ্রামের আবু তাহেরের স্ত্রী। তাঁর বাবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। নলজুরী গ্রামবাসীর সূত্রের বিবরণ অনুযায়ী, নরসিংদীতে তানজিনার প্রথম বিয়ে হয়। সেই ঘরে তাঁর তিনটি সন্তান রয়েছে। পূর্বপরিচয়ের সূত্র ধরে রমজান মাসের সপ্তাহ খানেক আগে নলজুরী গ্রামের কুটি মিয়ার ছেলে আবু তাহেরের সঙ্গে তানজিনার বিয়ে হয়। আবু তাহেরের স্ত্রী ও সন্তান থাকায় তানজিনাকে তিনি ঘরে তুলতে পারছিলেন না। সোমবার তানজিনা আবু তাহেরের বাড়িতে আসেন। বিকেল চারটার দিকে গ্রামের লোকজন নলজুরী কিন্ডারগার্টেনের সামনে মাটিতে তানজিনাকে ছটফট করতে দেখে। তারা তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তানজিনাকে মৃত ঘোষণা করেন।গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহত তানজিনার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি সাংবাদিকদের জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।