গোয়াইনঘাটে চা-বাগানের জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর চা-বাগানের ৩১ একর ৮০ শতক দখলীয় ভূমি অভিযান চালিয়ে উদ্ধার করেছে সিলেট জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
এলাকাবাসী ও কর্মকর্তারা জানান, ফতেহপুরের ষষ্ঠ খণ্ড ও সপ্তম খণ্ডে মোট ৩১ একর ৮০ শতক চা-বাগানের সরকারি ভূমি স্থানীয় মিনহাজ উদ্দিন ও তানভীর আহমদ দীর্ঘদিন ধরে দখলে নিয়ে ভোগ করে আসছিলেন। ২০১২ সালে ওই ভূমি উসমান গণি প্রাইভেট লিমিটেডকে সরকার ২০ বছরের জন্য লিজ দেয়। কিন্তু মিনহাজ ও তানভীরের দখল থাকার কারণে লিজগ্রহীতা দখল নিতে পারছিলেন না। এ ব্যাপারে তিন মাস আগে সিলেট জেলা ম্যাজিস্ট্রেট একটি উচ্ছেদ মামলা করেন। গত ১৫ দিন আগে এ ব্যাপারে দখলদারদের নোটিশও দেওয়া হয়। কিন্তু এতে তাঁরা কর্ণপাত করেননি। এ জন্য এ অভিযান চালানো হয়।
চা-বাগানের ব্যবস্থাপক জোনায়েদ চৌধুরী জানান, ফতেহপুর চা-বাগানে ৫২১ একর ভূমি রয়েছে। এর মধ্যে মিনহাজ ও তানভীর প্রায় ৩১ একর ৮০ শতক ভূমিসহ প্রধান রাস্তাটি দখল করে নেওয়ায় ২০১০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে।
দখলদার মিনহাজ উদ্দিন জানান, ১৯৫৬ সাল থেকে তাঁরা ১১২ একর ভূমির রেকর্ড ভিত্তিতে মালিক। বর্তমানে তানভীরসহ তাঁদের দখলে ৪৫ একর ভূমি ছিল। কিন্তু অভিযানে তাঁদের বসতবাড়ি ভেঙে ফেলায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গোয়াইনঘাটের ইউএনও মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, চাশিল্পকে বাঁচাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।