গোয়াইনঘাটে ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডায়রিয়া ও ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীরা ভিড় করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন কর্মচারীও রয়েছেন।উপজেলার নন্দিরগাঁও, তোয়াকুল, লেঙ্গুড়া, আলীরগাঁও, পশ্চিম জাফলংসহ প্রায় সব ইউনিয়নেই কম-বেশি ডায়রিয়া ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে সেখানে ১০৮ জন ডায়রিয়া রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। গত এক মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত ৪৬ জনের চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে হাসপাতালের কর্মীই রয়েছেন আটজন।হাসপাতালে রোগীর সঙ্গে আসা লুনি গ্রামের ফজল মিয়া জানান, তাঁর গ্রামের অনেকেই ডায়রিয়ায় ভুগছে। তবে সবাই হাসপাতালে আসছে না। নন্দিরগাঁও ইউনিয়নের জলুরমুখ গ্রামের গগন বিশ্বাস জানান, দুই দিন ধরে তাঁর ছেলে ডায়রিয়ায় ভুগছে। স্বাস্থ্যকর্মীরা তাকে যে খাওয়ার স্যালাইন দিয়েছেন, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। একই ইউনিয়নের চলিতাবাড়ী গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র বাচ্চু জানায়, তার গ্রামে স্যালাইন কিনতেও পাওয়া যায় না।নন্দিরগাঁও ইউনিয়নের স্বাস্থ্য সহকারী নুরুল আলম বলেন, ‘বন্যার পর আমরা তৎপর আছি। যেখানেই ডায়রিয়ার খবর পাচ্ছি, সেখানেই ওষুধ ও স্যালাইন নিয়ে যাচ্ছি।’গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম ফরিদুল ইসলাম লতিফী বলেন, স্বাস্থ্য কমপেক্সে ওষুধের স্বল্পতা রয়েছে। তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তিনি জানান, হাসপাতালের ম্যালেরিয়ায় আক্রান্ত কর্মীদের মধ্যে দু-একজন সুস্থ হয়েছেন। তিনি বলেন, বন্যার পানি কমার পর পানিবাহিত রোগ দেখা দেওয়া স্বাভাবিক। হাসপাতালে প্রতিদিন পেটের অসুখ ও ম্যালেরিয়া জ্বর নিয়ে রোগীরা আসছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।