গোয়াইনঘাটে ডায়রিয়ার প্রকোপ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। এ পর্যন্ত উপজেলার শত শত মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। প্রতিদিনই ২০-২৫ জন করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশ, বিশুদ্ধ পানির অভাব ও খোলা খাবার থেকে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানিয়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম ফরিদুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে। আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।খোঁজ নিয়ে জানা যায়, গত ছয় দিনে উপজেলার জাফলংয়ের বল্লাঘাটের বাবুল মিয়ার জুমের (বাগান) শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের বেশির ভাগই শিশু-কিশোর। পরিস্থিতি মোকাবিলায় বাবুলের জুম এলাকায় অস্থায়ী মেডিকেল টিম গঠন করা হয়েছে। কিন্তু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এলাকাবাসী বলেন, ডায়রিয়া আক্রান্ত বেশির ভাগ লোক জাফলং পাথরকোয়ারিতে শ্রমিকের কাজ করে। তারা বাবুলের জুমে ভাড়া থাকে। তাঁরা আরও বলেন, জাফলং ছাড়াও উপজেলার লুনি, জাতুগ্রাম, ডৌবাড়ী, শিয়ালা ও চদিবদিসহ বিভিন্ন গ্রামে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।জানতে চাইলে চিকিৎসক ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বল্লাঘাট খুবই ঘনবসতিপূর্ণ। সেখানে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা নেই। নিরাপদ পানির অভাবও রয়েছে। এসব কারণে সেখানে একসঙ্গে এত লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমেদ চৌধুরীও একই মন্তব্য করে বলেন, বাবুলের জুমের স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ এবং খোলা শৌচাগারের কারণেই এত লোক একসঙ্গে অসুস্থ হয়েছে। জুমের স্বত্বাধিকারী বাবুলকে অবিলম্বে স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে কলোনি ভাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফরিদুল ইসলাম লতিফি আরও বলেন, প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকালও নয়জন রোগী ভর্তি হয়েছে। বুধবার ভর্তি হয়েছে ১০ জন। এ নিয়ে হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি রয়েছে। তিনি আরও বলেন, চিকিৎসা শেষে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এদিকে হাসপাতালের স্বাস্থ্য সহকারী অমল কান্তি বর্মণ বলেন, হাসপাতালের বহির্বিভাগেও অনেকে চিকিৎসা নিচ্ছে। আজও (বৃহস্পতিবার) চিকিৎসা নিয়েছে ২০ জন।উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আরও অনেক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তারা হাসপাতালে না এসে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে ও নিচ্ছে।