গোয়াইনঘাটে পাথর তোলার পেলুডার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে পরিবেশ বিনষ্টকারী নয়টি পেলুডার (পাথর তোলার বিশেষ গাড়ি) জব্দ করে অকেজো করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে চার ঘণ্টাব্যাপী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
বিছনাকান্দি পাথর কোয়ারিতে গিয়ে জানা যায়, বিছনাকান্দি গ্রামের আওয়ামী লীগের নেতা বুরহান উদ্দিন, বিএনপির নেতা জসিম উদ্দিন ও জয়নাল আবেদীন মিলে এলাকার পাথর কোয়ারি নিয়ন্ত্রণ করছেন। একাধিক পাথর শ্রমিক জানান, কোয়ারিতে প্রতিদিন ৫০-৫৫টি পেলুডার যন্ত্র দিয়ে পাথর তোলা হয়।
পরিবেশ-বিধ্বংসী অবৈধ ওই পেলুডার জব্দ করতে গতকাল গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। টের পেয়ে পেলুডার যন্ত্রের মালিকেরা পালিয়ে যান। আদালত নয়টি পেলুডার জব্দ করে তা অকেজো করে দেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি শফিকুর রহমান খান, বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি কমান্ডার জামাত আলী প্রমুখ।
ইউএনও আজিজুল ইসলাম বলেন, পাথর কোয়ারি ও এর বাইরের এলাকায় পরিবেশ বিনষ্টকারী যন্ত্র ব্যবহার করে পাথর তোলায় গতকাল টাক্সফোর্সের অভিযান চালানো হয়।