গোয়াইনঘাটে বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নিম্নাঞ্চল
সিলেটের গোয়াইনঘাটে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আবারও তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এক সপ্তাহ আগে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল নিম্নাঞ্চল। কিন্তু পানি নেমে যেতে না-যেতে ঢলের পানিতে আবারও ভেসে গেছে নিম্নাঞ্চল।সিলেট-গোয়াইনঘাট সরাসরি যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে গত বৃহস্পতিবার বিকেল থেকেই। বানের পানিতে ডুবে গেছে আটটি ইউনিয়নের শতাধিক কাঁচা রাস্তা ও বাড়িঘর। নন্দিরগাঁও, আলীরগাঁও, লেঙ্গুড়া, পূর্ব জাফলং, তোয়াকুল, রুস্তুমপুর ইউনিয়নের একাধিক গ্রামের বাড়িঘর ডুবে গেছে বন্যার পানিতে। আকস্মিক বন্যায় ডুবে গেছে দেশের অন্যতম বড় দুটি পাথর কোয়ারি বিছনাকান্দি ও জাফলং। এদিকে পাথর কোয়ারি বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় অর্ধলক্ষাধিক পাথরশ্রমিক।নন্দিরগাঁও ইউনিয়নের লক্ষ্মী হাওর গ্রামের নরেশ নম জানান, আমাদের পুরো গ্রাম এখন বন্যাকবলিত। বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ডুবে গেছে। বেশির ভাগ শিশুই গত বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ে যেতে পারছে না। জাফলং পাথর কোয়ারির পাথরশ্রমিক হাসন মিয়া জানান, পাহাড়ি ঢলে সব ডুবে গেছে। হাতে কোনো কাজ নেই। জানি না, এভাবে কত দিন থাকতে হবে। রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম জানান, ১০ লাখ টাকা ব্যয়ে মুসলিমপাড়া এলাকার বাঁধটি নির্মাণ করা হয়েছে মাত্র কদিন আগে। বাঁধটি ভেঙে গেছে। তাই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রুস্তুমপুর ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়। আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, আলীরগাঁও হাওরবেষ্টিত হওয়ায় পাহাড়ি ঢলে সব ফসল এখন পানির নিচে।বারহাল এলাকার প্রভাষক মঞ্জুর আহমদ জানান, বানের পানিতে বিচ্ছিন্ন হয়ে গেছে সিলেট-গোয়াইনঘাট সড়ক যোগাযোগ। দুই দিন ধরে কলেজে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল। বিভিন্ন এলাকা দেখতে গিয়েছি। উপজেলা পরিষদ থেকে অসহায় ব্যক্তিদের সহায়তা করা হবে।