গোয়াইনঘাটে বিক্ষোভ, ফিরে গেল জরিপ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গতকাল বুধবার এলাকাবাসীর বিক্ষোভের মুখে জরিপ করা সম্ভব হয়নি। এর আগেও জনতার বিক্ষোভের মুখে একাধিকবার জরিপকাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল জরিপ দল।স্থানীয় সূত্র জানায়, সিলেটের ১০টি স্থানে সম্প্রতি যৌথ জরিপ শুরু করেছে বাংলাদেশ ও ভারত। গতকাল সকালে বাংলাদেশের জরিপ দল গোয়াইনঘাট উপজেলার সোনারহাট (লিংকহাট) এলাকার কুলুমছড়া সীমান্তের ১২৬৪ নং মেইন পিলার এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতীয় জরিপ দলও ওই এলাকায় পৌঁছায়। কিন্তু স্থানীয় লোকজন জরিপের নামে সীমান্তের ভূমি ভারতের হাতে তুলে দেওয়ার অভিযোগ বিক্ষোভ শুরু করে। জনতার বিক্ষোভের কারণে বাংলাদেশের জরিপ দল জরিপকাজ শুরু করতে পারেনি।এ ঘটনায় দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে যান গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া ও পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়জুল ইসলাম। তাঁরা বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে এলাকাবাসী সীমান্তে জরিপ না করার দাবি জানায়।সূত্র জানায়, বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম আজ বৃহস্পতিবার সীমান্তে জরিপকাজ চলবে বলে প্রশাসন ও জরিপ দলকে আশ্বাস দেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী জানায়, জরিপ না করে উভয় দেশের জরিপ দল বিকেল চারটার দিকে এলাকা ত্যাগ করে। ইউএনও ইফতেখার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করেছি, জরিপ নিয়ে আশঙ্কার কিছু নেই। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জরিপ আবার শুরু হবে।’