গোয়াইনঘাটে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে গতকাল সোমবার প্রধান শিক্ষকের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গতকাল উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের গোরাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সভা ছিল। সভা চলাকালে উপজেলার লামাই গ্রামের গিয়াস উদ্দিন, জাকারিয়া হোসেন ও মো. বদরুজ্জামানের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের কার্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক ফারুক আহমদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা দিগিবদিক ছোটাছুটি শুরু করলে বিদ্যালয়ে আতঙ্কের সৃষ্টি হয়। পরে সভায় উপস্থিত লোকজন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তারা চলে যায়। আহত ফারুক আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ফারুক আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীরা আমার কাছে প্রায়ই অন্যায় আবদার নিয়ে আসত। তাদের কথামতো কাজ না করায় তারা আমার ওপর হামলা চালিয়েছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোকন বাবু জানান, সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় হঠাৎ করে কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়।উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, ‘শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার খবর পেয়েছি। এ ব্যাপারে আইনের আশ্রয় নিতে শিক্ষককে বলেছি। আমার পক্ষে যা করণীয়, তা করব।’গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি।