গোয়াইনঘাটে রাখালিয়া মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটের শত বছরের ঐতিহ্য ‘রাখাল-সিন্নি’ পাঁচ বছর বিরতি দিয়ে গতকাল শনিবার আবারও অনুষ্ঠিত হলো আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামে।গতকাল সকালে হাজরাই গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের শতাধিক রাখাল (কিশোর-যুবক—যাঁরা চাষাবাদ করেন ও গরু রাখেন) ধান কাটা শুরু করার আগে মাঠে সিন্নি করার জন্য ঐতিহ্যের ধারাবাহিকতায় বাড়ি বাড়ি গিয়ে ‘ভিক্ষা-মাগি’ (গৃহস্থের ঘর থেকে চেয়ে আনা) বিন্নি ধান, চিনি, গুড়—এককথায় মিষ্টি সিন্নি তৈরি করতে যা যা লাগে তা জোগাড় করছেন। দুপুরে হাজরাই গ্রামের বাংলাই বিলের কাছে গ্রামের পাঁচ শতাধিক নারী, শিশুসহ নানা বয়সী গ্রামবাসী জড়ো হন রাখাল-সিন্নি খাওয়ার জন্য। রীতিমতো উৎসব।হাজরাই গ্রামের কৃষক এবাদুর রহমান জানান, প্রতিবছর নতুন ধান কাটার আগে ধান কাটার উৎসব হিসেবে স্মরণাতীতকাল থেকে (আনুমানিক ১০০ বছর) গ্রামের কৃষক ও রাখালেরা বাড়ি বাড়ি গিয়ে সিন্নি তৈরির এসব উপকরণ এনে পাকা ধানের মাঠের এক পাশে খালি জায়গায় সিন্নি রান্না করতেন। পরে গ্রামের সবাই উপস্থিত হয়ে একসঙ্গে সিন্নি খেতেন। স্থানীয়ভাবে এরই নাম রাখাল-সিন্নি। গত পাঁচ বছর নানা কারণে এই রাখাল-সিন্নি বন্ধ ছিল। এ বছর গ্রামের যুবকেরা আবারও সেই ঐতিহ্য রক্ষা করতে গতকাল রাখাল-সিন্নি করেন। রাখাল-সিন্নির অন্যতম উদ্যোক্তা মঞ্জুর আহমদ বলেন, ‘ছরে অন্তত একবার এ মিলনমেলার জন্য হলেও রাখাল-সিন্নির আয়োজন করা হবে।’