গোয়াইনঘাটে শিশু ধর্ষণের শিকার
সিলেটের গোয়াইনঘাটে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে গত শনিবার এ ঘটনা ঘটে। রোববার শিশুটির ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেছেন।শিশুটির পরিবার ও এজাহার থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ওই শিশুটি নিজেদের পুকুরে পানি আনতে যায়। এ সময় একই গ্রামের আবদুল হাফিজের ছেলে শাহিন আহমেদ তাকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কয়েকজন গ্রামবাসী জানান, শাহিন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। সে আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু শাহিনের পরিবার প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। সিলেটের উত্তর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন সুহেল, গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান, পরিদর্শক (তদন্ত) রুহুল আমীনসহ পুলিশের অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও শিশুটিকে দেখে এসেছেন। রুহুল আমীন বলেন, পরিদর্শনকালে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।