গোয়াইনঘাটে শিশুসহ তিন নাইজেরিয়ান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এবার শিশুসহ নাইজেরিয়ার তিন নাগরিককে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তিনজনকে তামাবিল সীমান্ত এলাকার বাংলাদেশ অভ্যন্তর থেকে আটক করা হয়। দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশে তাঁদের হস্তান্তর করা হয়।
আটক তিনজনের মধ্যে প্রাপ্তবয়স্ক দুজন। তাঁরা হলেন পলএবেদো ওকেচুকু (২৭) ও ইমানুয়েলনাম্মী ওহাগওয়াম (৪২)। পাসপোর্টের তথ্য অনুযায়ী তাঁদের সঙ্গে পাঁচ বছর বয়সী মেয়ে শিশুটি ওহাগওয়ামের সন্তান। পাসপার্টে শিশুটির জাতীয়তা ‘নাইজেরিয়ান’ লেখা থাকলেও ঠিকানা ভারতের নয়াদিল্লি উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে তামাবিল স্থলবন্দর এলাকায় শিশুসন্তানকে কোলে নিয়ে নাইজেরিয়ার নাগরিক দুজনকে ঘোরাঘুরি করতে দেখে গোয়েন্দা সংস্থার সদস্যরা আটক করেন। বাংলাদেশে প্রবেশের বৈধতার বিষয়ে তাঁরা কোনো তথ্য দিতে পারছিলেন না। এ বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পুলিশে হস্তান্তর করা হয়।

এর আগে গত ২৯ জুন তামাবিল থেকে অনুপ্রবেশের অভিযোগে ওনিবুচুকু স্ট্যালি ইজিডাব্লু (৩১) নামের নাইজিয়ার নাগরিককে আটক করা হয়। ৯ দিন পর আটক ৩ জনের সঙ্গে ইজিডাব্লুর যোগাযোগ আছে কি না, পুলিশ খতিয়ে দেখছে।

বেলা তিনটার দিকে যোগাযোগ করলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, তিনজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এর আগে ২৯ জুন আটক করা নাইজিরিয়ার নাগরিককে পুশব্যাক করা হয়েছিল। কোনো অপরাধ না থাকলে তাঁদের একইভাবে পুশব্যাক করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।