গোয়াইনঘাটে সিমকার্ড নিয়ে হামলায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটের পল্লিতে মুঠোফোনের সিমকার্ডকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নয়াপাড়া বীরমঙ্গল হাওর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তারা মিয়া (৩০)। তিনি উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের মৃত ইস্রাইল আলীর ছেলে।জানা গেছে, নিহত তারা মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আবদুল করিমের ছেলে আবদুল কাদিরের একটি সিমকার্ড নিয়ে দ্বন্দ্ব ছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত আটটার দিকে আবদুল কাদির ও তাঁর ভাই আবদুল জলিল, আবদুস সুকুরসহ চার-পাঁচজনের একটি দল দেশি অস্ত্র নিয়ে তারা মিয়ার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে গলার নিচে আঘাত করলে তারা মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রাত ১০টার দিকে আত্মীয়স্বজন তাঁকে গোয়াইনঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।এদিকে নিহত তারা মিয়ার বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার আসামিরা হলেন আবদুল কাদির (৪০), আবদুন নূর (৩৫), আবদুস শুকুর (৩০), রহমত উল্লাহ (২৮), আবদুল জলিল (২৫)। তারা মিয়ার লাশের ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকেলে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।