গোয়াইনঘাটে স্কুলছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাটে অজ্ঞাত দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছে এক স্কুলছাত্র। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হাদারপার এলাকার পিয়াইন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রের নাম দেলোয়ার হোসেন (১২)। সে উপজেলার ফারুক আহমদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও রুস্তমপুর ইউনিয়নের বেড়ীবিল গ্রামের ব্যবসায়ী আবুল হাশিমের ছেলে। জানা গেছে, দেলোয়ার প্রতিদিনের মতো গত রোববার সন্ধ্যার সময় তার বাবার লামাবাজারের ভুসি মালের দোকানে যায় এবং বাবার নির্দেশে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পড়ালেখার জন্য বাড়িতে রওনা দেয়। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। রাত নয়টার দিকে আবুল হাশিম ব্যবসায়িক কাজ শেষে বাড়িতে গিয়ে দেলোয়ারের খবর নিয়ে না পেয়ে আশপাশ ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন।গতকাল দুপুর ১২টার দিকে কুনকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে স্থানীয় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে। এ সময় আত্মীয়স্বজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ওসি ইউনুছ মিয়া জানান, হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।