গোয়াইনঘাটে স্বেচ্ছাশ্রমে গ্রামীণ রাস্তা সংস্কার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের দীঘিরপার-ঘোষগ্রাম রাস্তার কোওরবাজার থেকে উপরদুমকা-জুজমহল পর্যন্ত দূরত্ব দুই কিলোমিটার। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি। অবশেষে গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটির কাজ শুরু করেছেন।আলীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিনের উদ্যোগে উপরদুমকা ও জুজমহল গ্রামের প্রায় ৩০০ লোক গত রোববার সকাল থেকে কাজ শুরু করেন।আলীরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটি পাকা করার উদ্যোগ নিয়েছি। এর আগেই গ্রামবাসী সংস্কারে এগিয়ে আসায় তাঁদের সাধুবাদ জানাই। রাস্তাটি সংস্কারের জন্য সরকারের কাজের বিনিময়ে খাদ্য (কাবিটা) কর্মসূচির আওতায় দুই টন চাল বরাদ্দ দিয়েছে।’ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ‘এলাকার প্রায় ১০ হাজার মানুষ একমাত্র এ রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু রাস্তাটি বেহাল থাকায় চলাচলে খুব অসুবিধা হচ্ছিল। রাস্তাটি মেরামতের জন্য বিভিন্ন জনের কাছে ধরনা দিতে দিতে হয়রান হয়ে গেছি। পরে বাধ্য হয়ে এলাকার যুবকদের নিয়ে নিজেরাই লেগে গেলাম।’