গোয়াইনঘাটে হামলায় কর্মকর্তাসহ র‌্যাবের চার সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুয়ারিখেল গ্রামে গতকাল বৃহস্পতিবার ক্ষুব্ধ গ্রামবাসীর হামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একজন উপসহকারী পরিচালকসহ (ডিএডি) চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। থানায় এক পক্ষের করা মামলার আসামি ধরতে গিয়ে র‌্যাবের সদস্যরা এই হামলার মুখে পড়েন। র‌্যাব বলছে, পাখি মিয়া নামে এক ডাকাতকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁরা এই হামলার মুখে পড়েন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাবের সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে। হামলার অভিযোগে দুই সহোদরসহ পাঁচজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দুই ভাইকে পায়ে গুলি করে গ্রেপ্তার করা হয়। তাঁরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।গ্রামের লোকজন জানায়, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দুয়ারিখেল গ্রামে মনাফ আলী ও ছোয়াব আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। ছোয়াব আলীর স্বজনসহ বিভিন্নজনের বিরুদ্ধে মনাফ আলী থানায় একাধিক মামলাও করেছেন। গতকাল সকাল নয়টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। এ সময় মনাফ আলীর পক্ষ থেকে থানায় করা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাবকে অনুরোধ করা হয়। আধাঘণ্টার মধ্যে র‌্যাব-৯-এর ডিএডি জমসেদ আলমের নেতৃত্বে সাত-আটজন সদস্য ঘটনাস্থলে গিয়ে মামলার আসামি ছোয়াব আলী পক্ষের লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাবের এই উদ্যোগে ছোয়াব আলীর পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ডিএডি জমসেদ ও উপপরিদর্শক (এসআই) বদরুলসহ চারজন জখম হন। এ সময় র্যাবের সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। একপর্যায়ে র্যাবের সদস্যরা পায়ে গুলি করে দুই হামলাকারীকে আটক করেন। তাঁরা হলেন ছোয়াব আলীর ভাতিজা আসাব আলী (৩৫) ও তাঁর ভাই জুনাব আলী (৪০)। পরে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহূত কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় র‌্যাবের ওপর হামলার অভিযোগে জমির (৩৫), বেলাল (২২) ও জসিম (১৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।নাম না প্রকাশ করার শর্তে ছোয়াব আলীর পক্ষের কয়েকজন প্রথম আলোকে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে মনাফ আলী তাঁদের বিরুদ্ধে একাধিক সাজানো মামলা করেছে। র‌্যাবের সদস্যরা এসব মামলার আসামি ধরতে যাওয়ায় তাঁরা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালান।ঘটনা সম্পর্কে র‌্যাব-৯ দপ্তর থেকে গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বলা হয়,র‌্যাব-৯-এর ডিএডি জমসেদ আলমের নেতৃত্বে র‌্যাবের সাত-আটজনের একটি দল দুয়ারিখেল গ্রামে যায়। দুয়ারিখেল হাওর এলাকাসহ আশপাশে গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে ডাকাত পাখি মিয়ার সংশ্লিষ্টতা থাকায় র‌্যাবের সদস্যরা তাঁকে আটক করতে উদ্যত হন। এ সময় পাখি মিয়াসহ তাঁর স্বজনেরা সংঘবদ্ধ হয়ে দা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে র‌্যাবের ওপর হামলা করে। র‌্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে ফাঁক গুলি ছোড়েন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে হামলাকারী দুজনকে পায়ে গুলি করে আটক করা হয় এবং পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবিদ্ধ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব-৯-এর দপ্তরে যোগাযোগ করা হলে একজন মুখপাত্র জানান, বিজ্ঞপ্তির বাইরে তাঁদের কোনো বক্তব্য নেই। গ্রামবাসীর হামলায় ডিএডিসহ চারজন র‌্যাবের সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনউদ্দিন আহমদ চৌধুরী বলেন, ঘটনার পর আটজন গ্রামবাসীর নাম উল্লেখ করে এবং ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা হয়েছে।