গোয়ালন্দ ও নগরকান্দায় ২৬৭টি গাছ কর্তন
রাজবাড়ীর গোয়ালন্দে গত সোমবার ভোররাতে দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির ১১৭টি গাছ কেটে ফেলে। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গত রোববার অজ্ঞাত দুর্বৃত্তরা আরও ১৫০টি গাছ কাটে।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দিরাজতুল্লা মৃধাডাঙ্গা গ্রামের মজিবর মৃধা ও তাঁর ভাই এসকেন্দার আলী মৃধার বাড়ির সামনের বাগান থেকে কয়েকজন যুবক সোমবার রাতে বিভিন্ন প্রজাতির ১১৭টি গাছ কেটে ফেলে রেখে যান। মজিবর মৃধা ও এসকেন্দার মৃধা জানান, সোমবার ভোররাতের দিকে কয়েকজন যুবক বাগানের ১০০টি কলাগাছ, সাতটি মেহগনি ও ১০টি আমগাছ কেটে ফেলেন। এ সময় আশপাশের বাড়ির লোকজনের ঘুম থেকে ওঠার শব্দ পেয়ে যুবকেরা পালিয়ে যান। এ ঘটনায় মজিবর মৃধা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, অভিযোগ পাওয়ার পর এক উপপরিদর্শককে (এসআই) এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খোঁজখবরের পর আইনানুগ ব্যবস্থা নেবেন।রোববার দিবাগত রাতে নগরকান্দা উপজেলার শ্রীরামপট্টি গ্রামের ফারুক হোসেনের গরুর খামারের চারপাশে লাগানো ১৫০টি মেহগনিগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ফারুক হোসেন জানান, তিনি গত জুন মাসে খামারের চারদিকে দুই শতাধিক মেহগনিগাছের চারা লাগিয়েছিলেন। এর মধ্যে দেড় শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।