গোয়ালন্দ ও লৌহজংয়ে দুর্ঘটনায় তিনজন নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আজ বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর বিনোদপুরের ব্যবসায়ী দুলাল চন্দ্র দত্ত তাঁর শ্যালকের বিয়ে উপলক্ষে আজ একটি শ্যালো ইঞ্জিনচালিত মাহেন্দ্র গাড়িতে চড়ে পরিবারের সদস্যদের নিয়ে মানিকগঞ্জের মাচাইন যাচ্ছিলেন। বেলা সোয়া একটার দিকে মাহেন্দ্রটি দৌলতদিয়া ঘাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী সোনার তরী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুলাল চন্দ্র দত্ত (৩০) ও তাঁর ভাতিজা সঞ্জয় দত্ত (১২) নিহত হয়।
দুর্ঘটনায় দুলাল দত্তের পরিবারের সজিব (২৩), সমু (২৫) ও গীতা (৪৫) আহত হন। এ ছাড়া মাহেন্দ্রর চালক আরফিকে (২৫) গুরুতর আহত অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
লৌহজং (মুন্সিগঞ্জ): বেলা একটার দিকে উপজেলার হলদিয়া এলাকার মাওয়া-ঘোরদৌড় সড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুবল ঘোষ (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন সুবল ঘোষের নাতি প্রান্ত ঘোষ (১৯) ও অটোরিকশার চালক বাদল (২৮)। দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, হলদিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী গাঙচিল পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুবল ঘোষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।