গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের রজতজয়ন্তী উৎসব
সাধারণ বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসাশিক্ষাকেও আধুনিকায়ন করা হচ্ছে। ইতিমধ্যে সারা দেশে সাত লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে মাল্টিমিডিয়া-ব্যবস্থায় ক্লাস নেওয়া শুরু হয়েছে। এ ছাড়া দেশের বেশ কটি ডিগ্রি কলেজকে সরকারীকরণের কাজ চলছে। এর মধ্যে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ একটি। গত বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাসচিব আরও বলেন, সামগ্রিকভাবে শিক্ষাব্যবস্থাকে বদলে দেওয়ার চেষ্টা চলছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মানসমঞ্চত প্রতিষ্ঠানে উন্নীতকরণের চেষ্টা চলছে, যার আলোকে ইতিমধ্যে শুধু এই বছর সারা দেশে প্রায় ২৩ কোটি বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।রজতজয়ন্তী উৎসবে অন্যদের মধ্যে নেত্রকোনা-৩ আসনের সাংসদ সদস্য মঞ্জুর কাদের কোরাইশী, রাজবাড়ী জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, পুলিশ সুপার মো. রেজাউল হক, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী সামিয়া ইয়াসমীন, প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, নাছিরুল ইসলাম, পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিকেলে ক্লোজআপ ওয়ান তারকাশিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।