গোয়ালন্দ ঘাটে আটকা পড়েছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই দিনের বৃষ্টিতে দৌলতদিয়া ও পাটুরিয়ার ফেরিঘাটগুলো পিচ্ছিল হওয়ায় গাড়ি ওঠা-নামা করতে বেশি সময় লাগছে। এ ছাড়া ফেরিস্বল্পতার কারণে পারাপারের অপেক্ষায় থাকছে অনেক যানবাহন। গতকাল সোমবার ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে। গতকাল ভোরের দিকে আটকে পড়া দুটি ট্রাকের চালকের সর্বস্ব কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা।
গত রোববার সন্ধ্যার পর ফরিদপুর থেকে পুরোনো লোহা-লক্কড় নিয়ে ঢাকায় যাওয়ার পথে আটকা পড়ে একটি ট্রাক। এর চালক সোহেল জানান, রোববার দিবাগত সাড়ে তিনটার দিকে পাঁচ-ছয়জন তরুণ চাকু, দাসহ দেশি অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন ও নয় হাজার টাকা ছিনিয়ে নেয়। বেনাপোল থেকে ঢাকাগামী আরেকটি ট্রাকের চালক রজন মিয়া বলেন, ভোরের দিকে তাঁর সামনে থাকা এক ট্রাকচালককে অস্ত্রের মুখে জিম্মি করে মুঠোফোন ও নগদ কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ট্রাকচালকদের ছিনতাইকারীদের কবলে পড়ার বিষয়ে কেউ থানায় অভিযোগ দেননি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিসি ও ঘাট-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিপথে প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার যানবাহন পারাপার হয়। কিন্তু ফেরিস্বল্পতার কারণে কয়েক দিন ধরে গাড়িগুলোকে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দুই-তিন দিন পর্যন্ত ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী গাড়ির সঙ্গে ব্যক্তিগত গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ায় সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে ঘাটে আটকে থাকতে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, ফেরিস্বল্পতার সঙ্গে দুই দিনের বৃষ্টিতে ফেরিঘাটের পন্টুন অতিরিক্ত পিচ্ছিল হওয়ায় যানবাহন ওঠা-নামায় অনেক সময় লাগছে। এ কারণে ঘাটে গাড়ির চাপ রয়েছে।