গোয়ালন্দ ঘাটে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় এবং টানা হরতাল ও অবরোধ শেষে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে একযোগে অনেক গাড়ি দৌলতদিয়া ঘাটে আসায় সাধারণ পণ্যবাহী অনেক ট্রাক দুই-তিন দিন ধরে নদীপারের অপেক্ষায় রয়েছে।
গতকাল শনিবার বিকেল পর্যন্ত গোয়ালন্দ ঘাটে চার কিলোমিটার দীর্ঘ লাইনে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক আটকে ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে গত বৃহস্পতিবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। কয়েক দফায় ২০ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, কার্ভাড ভ্যান আটকা পড়ে। জরুরি পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নদী পার হতে পারলেও গত বৃহস্পতিবার ঘাটে সিরিয়ালে আটকে থাকা সাধারণ পণ্যবাহী অনেক ট্রাক এখনো নদী পার হতে পারেনি।
গতকাল শনিবার দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে পণ্যবাহী কয়েক শ ট্রাক ও কাভার্ড ভ্যান নদীপারের অপেক্ষায় দুই-তিন দিন ধরে আটকে আছে।
চালবোঝাই ট্রাকের চালক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে গত বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েন। এখনো ফেরিতে ওঠার সুযোগ পাননি। সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে পণ্য নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাত একটার দিকে ঘাটে পৌঁছান ট্রাকচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তিন দিন ধরে মহাসড়কে আছি। খরচের টাকা-পয়সাও শেষ হয়ে এসেছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিলুর রহমান বলেন, টানা হরতাল-অবরোধ শেষে মাঝে দুই দিন বিরতি পাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে একযোগে অনেক যানবাহন এসে ঘাটে দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ ছাড়া গত দুই দিন রাতে কুয়াশায় ফেরি চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় এ সমস্যা কাটছে না। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করায় সাধারণ পণ্যবাহী গাড়ি পার হতে পারছে না।