গোয়ালন্দ ঘাটে নিরাপত্তা জোরদার
ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে দৌলতদিয়া ঘাটে গত শুক্রবার থেকে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শনিবার দৌলতদিয়ার বুকিং কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার হওয়া এক দালালকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সাজা দিয়েছেন।
সরকারি কাজে বাধা দেওয়ায় গতকাল দুপুরে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টারের সামনে থেকে মতিউর মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটকের পর এক মাসের সশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী।
গতকাল প্রথম আলোয় ‘দৌলতদিয়া ফেরিঘাটে পশুর ট্রাকে চাঁদাবাজি’ শিরোনামে প্রতিবেদন ছাপা হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতার কারণে বুকিং কাউন্টারের সামনে দালালদের তেমন একটা দেখা যায়নি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাসার বলেন, শুক্রবার থেকে ঘাটের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রতিদিন তিন পালায় ২৫ জন করে ৭৫ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।