গোয়ালন্দ-তাড়াইল সড়কের কাজ ফের শুরু
ছয় মাস বন্ধ থাকার পর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন ফরিদপুর ও রাজবাড়ী জেলায় অবস্থিত গোয়ালন্দ-তাড়াইল সড়কটির সংস্কারকাজ চলতি মাস থেকে আবার শুরু হয়েছে। ২০১১ সালের মে মাসে কাজ শুরু হলেও বরাদ্দ না পাওয়ার অজুহাতে গত জুলাই মাস থেকে তা বন্ধ করে দেন ঠিকাদার। কাজ শুরু করে রাস্তার দুই পাশে প্রশস্তকরণের জন্য কেটে গর্ত করে ফেলে রাখায় সড়কটি যানবাহন চলাচলের জন্য একপ্রকার অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির কারণে গর্তে পানি জমায় ও রাস্তাটি কর্দমাক্ত হয়ে যাওয়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়। ৬১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি পাঁচ কিলোমিটার অংশ পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মধ্যে। বাকি অংশ পড়েছে ফরিদপুর সদর, সদরপুর ও ভাঙ্গা উপজেলায়। সওজ সূত্র জানায়, সড়কের ৫৬ কিলোমিটার অংশ সম্প্রসারণ ও সংস্কারের জন্য দুটি প্যাকেজে ৫৬ কোটি ৪২ লাখ ৮৬ হাজার টাকায় কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদার মো. ওয়াহিদ মিয়াকে। আগামী বছরের ১৯ জানুয়ারির মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা। তবে গত ২৮ জুন পর্যন্ত প্রথম প্যাকেজের ১৬ দশমিক ৫৯ শতাংশ কাজ শেষ হয়েছে এবং দ্বিতীয় প্যাকেজের কাজ শুরুই হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ, কার্যাদেশ পাওয়ার পর অনেক ঢিমেতেতালে কাজ শুরু হয়। কাজের সূচনা হিসেবে সড়কটির সম্প্রসারণের জন্য দুই পাশে বড় বড় গর্ত করে কেটে ফেলে রাখা হয়। গত জুলাই মাস থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ঠিকাদারকে পুনরায় কাজ শুরু করার জন্য সড়ক বিভাগ থেকে কমপক্ষে ১০টি চিঠি দেওয়া হয়েছে। গত অক্টোবরে শেষ সপ্তাহে পরিকল্পনা কমিশন ২০১৩ সালের জুন মাস পর্যন্ত কাজের সময় বৃদ্ধি ও পরে প্রকল্পের জন্য আরও সাত কোটি টাকা বরাদ্দ দেয়। এ অবস্থায় ঠিকাদার পুনরায় কাজ শুরু করে। বর্তমানে ফরিদপুর সদরের ধলার মোড়, সাদিপুর ও গজারিয়া এলাকায় বক্স কাটিং ও আগের কাটা বক্সগুলোর আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। ঠিকাদার মো. ওয়াহিদ মিয়া বলেন, প্রকল্পে টাকা বরাদ্দ বন্ধ ও মেয়াদ শেষ হওয়ার কারণে অনিশ্চিত অবস্থায় পড়ায় কাজ মাঝপথে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি। কাজের মেয়াদ এক বছর বাড়ানোর পর পুনরায় কাজ শুরু করেছেন।