গোয়ালন্দে অনুষ্ঠিত হলো 'একজ আবৃত্তি উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রক্তিম পঙ্ক্তিমালায় জাগ্রত হোক মানবতা’ স্লোগান সামনে রেখে বাংলা ভাষার সঠিক চর্চার প্রয়াসে প্রতিবছরের মতো এবারও রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন একজ জাগরণে আয়োজন করে ‘একজ আবৃত্তি উৎসব’।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বুধবার রাতে গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে অনুষ্ঠিত আবৃত্তি উৎসব ছিল একজের অষ্টম আয়োজন।
ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অঙ্গন ও সব আবৃত্তি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সব ভাষাশহীদ এবং স্থানীয় প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া ১৯৫২টি মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও একজের সপ্তম বর্ষপূর্তিতে সাতটি ফানুস ওড়ানো হয়। এরপর একজের আহ্বায়ক সুজন সারওয়ারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। একজের সদস্য সুরজিত চক্রবর্তী, দীপা ও অর্থী পালের সঞ্চালনায় শুরু হয় আবৃত্তি উৎসব। উৎসবে আবৃত্তি পরিবেশনায় ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসকুর এ সাত্তার কল্লোল, ঢাকা শব্দবৃত্তির পরিচালক আহসান উল্লাহ, মুক্তধারার ইকবাল আহমেদ, ঢাকার স্বনন, ফরিদপুর আবৃত্তি সংসদ, মাদারীপুরের উদ্ভাস, মাত্রা, গোপালগঞ্জের আবৃত্তি আড্ডা, মাগুরার কণ্ঠবীথি, রাজবাড়ীর প্রিয়তমাষু আবৃত্তি নিকেতন, রাজবাড়ীর আবৃত্তি সংসদ ও গোয়ালন্দের একজ আবৃত্তি বিভাগ। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে আবৃত্তি উৎসব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবীব, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আবদুল মুহিত হীরাসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ লোক উৎসব উপভোগ করেন।
সংগঠনের আহ্বায়ক সুজন সারওয়ার জানান, এবারের আয়োজনে মোট সাতটি জেলার ১৩টি সংগঠন অংশ নেয়। ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি শুদ্ধ উচ্চারণে স্মরণোৎসব আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন একজের যাত্রা শুরু। এরপর থেকে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবৃত্তি উৎসবের আয়োজন করে থাকে।