গোয়ালন্দে অপহূত ব্যাংক কর্মকর্তা উদ্ধার, তিনজন গ্রেপ্তার
মানিকগঞ্জের একটি বেসরকারি ব্যাংকের অপহূত কর্মকর্তাকে গত শনিবার গোয়ালন্দ থেকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার পুলিশ জানায়, ট্রাস্ট ব্যাংক মানিকগঞ্জ সদর শাখার কর্মকর্তা জাহিদুল হোসেন (৩২) গত শুক্রবার মানিকগঞ্জ থেকে কুষ্টিয়ার ভেড়ামারার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা করে সন্ধ্যায় দৌলতদিয়ায় পৌঁছান। এরপর তিনি রেলস্টেশনে যাওয়ার জন্য রিকশায় উঠলে চালক তাঁকে রেলস্টেশনে না নিয়ে দৌলতদিয়া যৌনপল্লির কাছে নিয়ে রিকশা থামান। এ সময় চার-পাঁচজন যুবক অস্ত্র ঠেকিয়ে তাঁকে যৌনপল্লির একটি ঘরে নিয়ে আটকে রাখেন। সুযোগ বুঝে জাহিদুল তাঁর ভাই র্যাবের সদর দপ্তরে মেডিকেল ইউনিটে কর্মরত মেজর জহিরের কাছে মুঠোফোনে বিষয়টি জানান। পরে বিষয়টি র্যাব-৮ রাজবাড়ী ও ফরিদপুর ক্যাম্পে জানালে র্যাবের একটি দল গোয়ালন্দ ঘাট থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। তারা অপহূত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য যৌনপল্লির পাহারাদার ও বাড়িওয়ালীদের ভোর পর্যন্ত সময় বেঁধে দেয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের জানান, শনিবার সকাল ছয়টার দিকে সন্ত্রাসীরা জাহিদুলকে যৌনপল্লিসংলগ্ন পুড়াভিটা এলাকায় ছেড়ে দিলে তাঁকে সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফেরিঘাট এলাকার রিকশাচালক আবদুস সাত্তার শেখকে আটক করা হয়। পরে রিকশাচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণকারী চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শনিবার গোয়ালন্দ ঘাট থানায় জাহিদুল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।