প্রায় চার মাস ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা না থাকায় প্রায় দিনই দুর্ভোগের কবলে পড়ছেন এ উপজেলার অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা।জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ২৭ জুন গোয়ালন্দ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা লোকমান হোসেন অবসর নেওয়ার পর থেকে পাংশা উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সিংহ এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এখনো নতুন কোনো কর্মকর্তা না আসায় কিছুটা সমস্যা হচ্ছে।গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দেখা গেছে, দূরদূরান্ত থেকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা ভাতা উত্তোলনের জন্য সকাল থেকেই অপেক্ষা করছেন। অনেকেই দীর্ঘক্ষণ বারান্দায় অপেক্ষায় থাকার পর বিরক্ত হয়ে চলে যান।কাস্টমস বিভাগের অবসরপ্রাপ্ত অফিস তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম বলেন, ‘২০০৮ সালে কুষ্টিয়ায় থাকা অবস্থায় অবসর নিয়েছি। ওই জেলা থেকেই অবসর-ভাতা উত্তোলন করতাম। কিন্তু বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে হলেও গোয়ালন্দ উপজেলার সীমান্তে হওয়ায় ও গোয়ালন্দ থেকে ভাতা উত্তোলন সহজ হবে বলে অনেক কষ্ট করে এই উপজেলায় আসি। কিন্তু এখানে দেখি আরও ঝামেলা ও কষ্ট। ভাতা তোলার সময় হলেই সকাল থেকে এখানে দিনের পর দিন ঘুরতে হয়। আগে জানলে এখান থেকে টাকা ওঠানোর বিষয়ে চেষ্টা করতাম না।’ প্রায় একই ধরনের ভোগান্তির কথা বলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত করপোরাল আবদুর গফুর, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত অফিস পিয়ন মৃত আবদুস সামাদের স্ত্রী রাবেয়া বেগমসহ কয়েকজন।এ সময় উপস্থিত অফিস পিয়ন মো. মহিউদ্দিন শেখ বলেন, ‘স্যার (হিসাবরক্ষণ কর্মকর্তা) একা মানুষ, পাংশা উপজেলাও দেখতে হয়। স্যার সম্ভবত আজ আসবেন না। এ ছাড়া অফিসের জুনিয়র অডিটর মোখলেছুর রহমান রাজবাড়ী জেলা অফিসে কাজে আছেন। দুপুরের মধ্যেই তাঁর অফিসে আসার কথা রয়েছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না।’পাংশা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অতিরিক্ত গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার সিংহ বলেন, ‘আমি সোমবার অফিসে গিয়েছিলাম। আজ (মঙ্গলবার) পাংশায় কাজ আছে, আবার বুধবার গোয়ালন্দে গিয়ে কাজ করব। এ ছাড়া লোকবল কমের কারণে একটু সমস্যা হচ্ছে। তবে নতুন লোক আসার কথা আছে। সে এলেই এ সমস্যা থাকবে না।’গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান আহাম্মদ বলেন, ‘এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।’