গোয়ালন্দে অস্ত্র ও গুলিসহ দুজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল শুক্রবার একটি বাসে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, ৩২টি গুলি ও আটটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এগুলো বহন করার অভিযোগে দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই বন্ধু হলেন ঢাকার মিরপুরের পল্লবী এলাকার নওশাদ হোসেনের ছেলে মো. শাহজাহান হোসেন (২২) ও সিরাজ হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন (২০)। তাঁরা সাতক্ষীরা থেকে ওই বাসে করে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, গতকাল ভোর সোয়া চারটার দিকে দৌলতদিয়ার ক্যানালঘাট-সংলগ্ন সাইনবোর্ড এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ বাসের ৪৪ ও ৪৫ নম্বর আসনের যাত্রী মো. শাহজাহান ও বিপ্লবের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে যুক্তরাষ্ট্রে তৈরি চারটি নাইন এমএম পিস্তল, ৩২টি গুলি ও আটটি ম্যাগাজিন উদ্ধার করে। এগুলোর আনুমানিক মূল্য চার লাখ টাকা। পরে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।ওসি আবুল বাসার আরও জানান, শাহজাহান পল্লবী এলাকার স্থানীয় একটি পোশাক কারখানায় এবং বিপ্লব পূরবী সিনেমা হলসংলগ্ন স্থানীয় একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় গোয়ালন্দঘাট থানা হেফাজতে শাহজাহান ও বিপ্লব দাবি করেন, তাঁরা অস্ত্র বহনের সঙ্গে জড়িত নন। বুধবার রাতে এক নিকটাত্মীয়ের সন্ধানে তাঁরা খুলনা যান। তাঁকে না পেয়ে তাঁরা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশে ওই বাসে করে রওনা করেন।