গোয়ালন্দে আমন ধানে ছত্রাক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাকা আমন ধানে ফলস স্মার্ট বা স্থানীয়ভাবে লক্ষ্মীর গু নামে পরিচিত একধরনের ছত্রাকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারণে অনেক কৃষকই সঠিকভাবে বীজ সংগ্রহে রাখতে না পেরে দিশেহারা হয়ে পড়ছেন।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, আমন ধানের ওপর হলুদের গুঁড়ার মতো একধরনের ছত্রাক দেখা দিয়েছে। এই ছত্রাক ফলস স্মার্ট বা স্থানীয়ভাবে লক্ষ্মীর গু নামে পরিচিত। এই ছত্রাকের কারণে কৃষকেরা সঠিকভাবে বীজ সংগ্রহে রাখতে পারছে না। এতে আগামী মৌসুমে কৃষকদের মধ্যে বীজের সংকট দেখা দিতে পারে।
ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের কৃষক আক্তার হোসেন বলেন, প্রায় ১৩ বিঘা জমির আমন ধান পাকতে শুরু করেছে। কিন্তু কিছুদিন ধরে ধানের ওপর হলুদের গুঁড়ার মতো দানা দেখা যাচ্ছে। বিষয়টি কৃষি অফিসকে জানালে তারা টিল্ট, স্কোর-জাতীয় ওষুধ ছিটাতে বলে।
পাশের স্বরুপার চক গ্রামের মোমিনুল ইসলাম বলেন, খেতজুড়ে হলুদের গুঁড়া দেখা যাচ্ছে। এ ধরনের ধানবীজ সংগ্রহে রাখা যায় না। ত্রুটিপূর্ণ বীজ ঘরে রাখলে চারা গজানোর সম্ভাবনা কমে যায়।
উজানচর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা লক্ষ্মণ বিশ্বাস বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে কয়েকজন কৃষক আমন খেতে এ ধরনের সমস্যার কথা বললে তা দেখে আমাদের কাছে বিষয়টি নতুন মনে হয়েছে। এ জন্য কৃষকদের চিন্তিত বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মুঞ্জুরুল আলম বলেন, সাধারণত ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আমন বীজ সংগ্রহ করা হয়ে থাকে। কিন্তু এ বছর ওই ছত্রাকের উপদ্রপ দেখা দিয়েছে। এতে বীজের তেমন ক্ষতি না হলেও ছত্রাকবাহিত বীজ সংগ্রহে রাখলে পুনরায় এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। এর হাত থেকে রক্ষার জন্য কৃষকদের টিল্ট, স্কোর, রিডোমিল গোল্ড, ব্যাভিস্টান-জাতীয় ওষুধ ছিটাতে বলা হয়েছে। ওষুধের বোতলের গায়ে দেওয়া নির্দেশিকা অনুযায়ী ছিটালে কৃষকেরা উপকার পাবেন।