গোয়ালন্দে ইটভাটার মালিকের বিরুদ্ধে সওজের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বৃহস্পতিবার ভোরে মালবাহী গাড়ির চাপায় এক কলেজছাত্রসহ তিন বন্ধু নিহতের ঘটনায় ইটভাটার এক মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় এই মামলা করেন। মামলায় উপজেলার পদ্মার মোড়ে অবস্থিত মেসার্স এসএমএস ব্রাদার্স অ্যান্ড কোম্পানির দেখভালের দায়িত্বপ্রাপ্ত ও অন্যতম মালিক মনোয়ার আহাম্মেদকে আসামি করা হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার প্রথম আলোকে বলেন, মেসার্স এসএমএস ব্রাদার্স অ্যান্ড কোম্পানি দীর্ঘদিন ধরে তাদের উৎপাদিত ‘এএনএ’ ব্র্যান্ডের হাজার হাজার ইট দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রেখে ব্যবসা করছিল। এতে মানুষ ও যানবাহনের চলাচলে বিঘ্ন ঘটছিল। বৃহস্পতিবার ভোর সোয়া ছয়টার দিকে মহাসড়কের একপাশ ধরে হাঁটার সময় ইটভাটার সামনে পৌঁছানোমাত্র পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ি (কাভার্ড ভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তায় এসএমএস কোম্পানির ইট থাকায় গাড়িটি জায়গা না পেয়ে তিন পথচারীকে চাপা দেয়। ইট থাকায় পথচারীরাও নিরাপদ স্থানে সরতে পারেনি।এতে ঘটনাস্থলেই গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র সবুজ প্রামাণিক এবং তাঁর দুই বন্ধু রবিউল বেপারী ও মিজান বেপারী নিহত হয়।এই ঘটনার পর জেলা প্রশাসকের নির্দেশে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মহাসড়কে ইট রাখার দায়ে ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা গ্রহণ এবং ইটগুলো জব্দ করতে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে সওজের কর্মকর্তা দণ্ডবিধির ৪৩১ ও মহাসড়ক আইন, ১৯২৫ সালের ৫ ধারায় ওই ইটভাটার অন্যতম মালিক মনোয়ার আহাম্মেদের বিরুদ্ধে মামলা করেন।গোয়ালন্দ থানার ওসি বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মহাসড়কে অবৈধভাবে রাখা এসএমএস ব্রাদার্স কোম্পানির দেড় লক্ষাধিক ইট জব্দ করা হয়েছে।