গোয়ালন্দে উন্নয়ন প্রকল্পের ১০ লাখ টাকা হরিলুট!
কাজ না করেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় সরকার-সহায়তা প্রকল্পের (এলজিএসপি) উন্নয়নমূলক কাজের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে এলাকাবাসী প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোয়ালন্দ কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এলজিএসপির আওতায় ২০১১-১২ অর্থবছরে গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের উন্নয়নমূলক কাজের জন্য প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বেশির ভাগ প্রকল্পের কাজ শেষ এখনো হয়নি। এর মধ্যে দেবগ্রাম ইউনিয়নের ১০টি প্রকল্পের অধিকাংশ কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নলকূপ স্থাপন, স্বাস্থ্যসম্মত পায়খানা সরবরাহ, রাস্তা সংস্কার, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতসহ নানা কাজের নামে ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে। সরেজমিনে দেবগ্রাম তেনাপচা গোলাপ ডাক্তারের মসজিদ থেকে তোরাই চাকুরিয়ার বাড়ির রাস্তা ঘুরে কোথাও কাজের আলামত পাওয়া যায়নি। তেনাপচা গ্রামের লিটন শেখ ও সুরুজ হুসাইন বলেন, কয়েক মাসের মধ্যে এই রাস্তার কোনো কাজই হয়নি। রাস্তার বিভিন্ন স্থান ভেঙে ও দেবে যাওয়ায় চলাচলে সমস্যা দেখা দিয়েছে। অথচ এ রাস্তা মেরামতের জন্য ৯০ হাজার টাকা বরাদ্দ এসেছিল। সোনাবার উত্তরচর পাচুরিয়া গ্রামের তোমছের মৃধা বলেন, ‘আমাদের গ্রামে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নলকূপ স্থাপনের জন্য টাকা বরাদ্দ এসেছিল। কিন্তু কেউ কিছু পায়নি। একই গ্রামের ফেরদৌস আলম বলেন, মাস খানেক আগে প্রতিবেশী সামাদ মোল্যা নামের একজন তিনটি রিং ও একটি স্ল্যাব পেয়েছিলেন। কিন্তু এ সামগ্রীগুলো খুব নিম্নমানের।দেবগ্রাম ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, ‘বরাদ্দ পাওয়ার পর বিভিন্ন দপ্তরে কিছু হাত খরচ দিতে হয়েছে। জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও শেষ করতে না পারায় টাকাটা আমার ব্যাংক হিসাবে উঠিয়ে রাখি। সেখান থেকে টাকা তুলে বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের দিয়ে কাজ করেছি। এ ছাড়া শতভাগ কাজ করা কখনোই সম্ভব নয়। ইতিমধ্যে আমরা প্রায় ৬০ ভাগ কাজ শেষ করেছি।’ উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী সামিয়া ইয়াসমীন বলেন, ‘এক সপ্তাহ আগে দেবগ্রাম ইউনিয়নের এলজিএসপির কাজের টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। সেটি পাওয়ার পর উপজেলা প্রকৌশলীকে তদন্তের জন্য বলা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা প্রকৌশলী শামসুল হক বলেন, ‘অভিযোগ তদন্তে ইউএনওর চিঠি পাওয়ার পর উপসহকারী প্রকৌশলী প্রবীর কুমার দত্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঈদের পরে উভয় পক্ষকে ডেকে কথা শুনে প্রতিবেদন জমা দেব।’