গোয়ালন্দে এক বছরে যক্ষ্মায় ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশন এক র‍্যালি বের করে। ছবি: এম রাশেদুল হক
বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশন এক র‍্যালি বের করে। ছবি: এম রাশেদুল হক

গত বছর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ উপজেলায় যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে ৩৬ জন চিকিৎসা নিচ্ছে। 

বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ দিবস উপলক্ষে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালি বের হয়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ছুঁয়ে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতাল মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ২০১৬ সালে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেমিয়েন ফাউন্ডেশনের সহযোগিতায় যক্ষ্মা রোগে আক্রান্ত মোট ৮৬ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ফুসফুসে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন ৫৭ জন। বাকি ২৯ জন ছিলেন ফুসফুস-বহির্ভূত যক্ষ্মায় আক্রান্ত। আক্রান্ত রোগীদের মধ্যে ৮২ জন সুস্থ হয়। মারা যান চারজন। গড়ে প্রতি মাসে গোয়ালন্দ উপজেলায় সাতজনের বেশি মানুষ যক্ষ্মা ও কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ১৬ জন রোগী চিহ্নিত হয়েছেন।

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মা মুক্ত দেশ হবে’ স্লোগান সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আজিজুর রহমান খান। সভায় বক্তব্য দেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাহিদা পারভীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবদুল মজিদ, স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী আবদুর রাজ্জাক, ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী মুক্তিয়ার রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। সঠিক সময়ে যক্ষ্মা রোগী শনাক্ত করা গেলে নিয়মিত চিকিৎসায় এটি পুরোপুরিভাবে নিরাময় বা ভালো হওয়া সম্ভব। এ চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করে। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। যক্ষ্মা রোগীর শ্বাস ও হাঁচির মাধ্যমেও এ রোগ ছড়ায়। এ জন্য বুকে ব্যথার সঙ্গে তিন সপ্তাহের বেশি কাশি থাকলে তাকে অবশ্যই কফ পরীক্ষা করাতে হবে। এই রোগের লক্ষণ দেখামাত্র বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।